Published : 16 Jun 2026, 10:24 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি ঘরের ভেতরের ছাদে (সিলিং) লুকিয়ে ছিলেন, এলাকাবাসী তাকে ধরে পুলিশে দিয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সরকার আব্দুর রাজ্জাক।
আনোয়ার মিয়া (৪২) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শিশুটি মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মত শিশুটি সকালে মসজিদের মক্তবে যাচ্ছিল। পথে আনোয়ার মিয়া তাকে ভুলিয়ে-ভালিয়ে নিজের ঘরে নিয়ে যায়।
সেখানে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটি ঘর থেকে পালিয়ে আসে।
পরে এলাকার একটি কবরস্থানের পাশে অসুস্থ অবস্থায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘটনার বিষয়ে জানতে চান। তখন শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেয়।
এদিকে শিশুটির অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা আনোয়ার মিয়ার বাড়িতে গেলে তিনি ঘরের সিলিংয়ের উপর উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পরে তাকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পরিদর্শক (তদন্ত) সরকার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।