Published : 05 May 2026, 12:38 PM
পঞ্চগড়ের বোদা উপজেলায় পথচারীকে বাঁচাতে যাওয়া বাস থেকে ছিটকে পড়ে সুপারভাইজারের প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল ৮টায় বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বোদা হাইওয়ে থানার ওসি মো. মামুন অর রশিদ জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী আমজাদ হোসেন শান্ত ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার ছালাউদ্দীনের ছেলে।
ওসি মামুন বলেন, “পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতগামী ‘শামীম গেটলট’ বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসের সুপারভাইজার আমজাদ গাড়ি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

বাসটি জব্দ করে থানায় নেওয়া হলেও দুর্ঘটনার পরপরই এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তাদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।