চাঁদপুরে বিএনপি নেতার নামে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
অফিসের হিসাবরক্ষক কর্মকর্তা বলেন, “এক পর্যায়ে আমার হাতে থাকা ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটকে রাখা হয়।”
জেলা বিএনপির সভাপতির নাম করে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের তরপুরচন্ডি এলাকায় পাসপোর্ট অফিসে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক মো. মামুন গাজী (৩২) শহরের চেয়ারম্যানঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। তার সঙ্গে ছাত্রদল পরিচয়ের একই এলাকার ফজলু নামে আরেক যুবক জনতার পিটুনি খেয়ে পালিয়ে যান।
পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক মো. ফারুক হোসেন বলেন, “সকাল থেকে আমরা পাসপোর্ট সেবা প্রার্থীদের কাজ করছিলাম। তখন মামুন আরও দুজনসহ অফিসের নিচ তলায় মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিল। পাশাপাশি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এখানে আমাদের এতদিন ঢুকতে দেওয়া হয়নি। এখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।’ এসব বলে সে টাকা দাবি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।”এক পর্যায়ে মামুনকে দ্বিতীয় তলায় একটি কক্ষে ডেকে নেওয়া হয়।
ফারুক হোসেন বলেন, “তখন মামুনকে জিজ্ঞাসা করা হয়, তোমার সমস্যা কী? কোনো কাজ থাকলে বল। সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তাদের সঙ্গে থাকা একজন ফোন করে বুঝাচ্ছেন, তিনি জেলা বিএনপির সভাপতিকে ফোন দিচ্ছেন। আসলে সঠিক নয়।”
অফিসের হিসাবরক্ষক কর্মকর্তা ফারুক আরও বলেন, “এক পর্যায়ে আমার হাতে থাকা ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মামুনকে আটকে রাখা হয়।”
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. ইউসুফ বলেন, “অফিসে উচ্চ স্বরে কথাবার্তা শুনে আমি গিয়ে দেখি, আটক মামুনসহ তিনজন। তারা অফিসের পুরো শৃঙ্খলা নষ্ট করে ফেলেছে। তার কাছে আমি জানতে চাই, কার বিরুদ্ধে আপনার অভিযোগ আমাকে বলেন, আমি ব্যবস্থা নিব। সে বলতে পারে না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে আমার কক্ষে রাখা হয়। এখানে আমাদের আনসার সদস্য আছেন। তার বিরুদ্ধে আমি অভিযোগ লিখে প্রস্তুত করছি। দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তার কাছে তাকে সোপর্দ করা হবে।”
এদিকে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “দেশের এমন পরিস্থিতিতে আমি প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তাকে বলেছি, শুদ্ধি অভিযান আগে আমার দল থেকে হবে। আমার নাম বলেও কেউ পার পাবে না। আমাকে তথ্য দিবেন। দুষ্কৃতকারী কাউকে ছাড় দেওয়া হবে না।”
