২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সাত দিন পর টেকনাফ থেকে অপহৃত ২ পর্যটককে উদ্ধার

র‌্যাব জানায়, ২৫ মে কক্সবাজারে ভ্রমণে এসে নিখোঁজ হন বিপ্লব এবং সুমন।

সাত দিন পর টেকনাফ থেকে অপহৃত ২ পর্যটককে উদ্ধার
অপহরণের সাত দিন পর কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দুই পর্যটককে উদ্ধার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:41 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

কক্সবাজারে ভ্রমণে আসা দুই পর্যটককে অপহরণের সাত দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব। 

রোববার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- কিশোরগঞ্জের সদর উপজেলার বত্রিশ গ্রামের মৃত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও একই এলাকার ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)। 

জ্যেষ্ঠ সহকারী পরিচালক সালাম বলেন, ২৫ মে কক্সবাজারে ভ্রমণে এসে নিখোঁজ হন বিপ্লব এবং সুমন। পরে মোবাইল ফোনে অপহরণের কথা জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় তাদের পরিবারের কাছে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। 

“এ বিষয়ে বিপ্লবের ছোট ভাই বিফুল কুমার রায় বাপ্পী লিখিত অভিযোগ করেন র‌্যাব-১৫ তে। অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযানিক দল অভিযান পরিচালনা করে।” 

এক পর্যায়ে উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে দুইজনকে উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

র‌্যাব এই কর্মকর্তা বলেন, বিপ্লব ও সুমনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ওই দুইজনের তথ্য মতে, অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

এ নিয়ে গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ জুন পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭০ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। 

অপহরণের পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।