নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশরাফুল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আমিন জানান।
নিহত দুই শিশুর মধ্যে সাত বছর বয়সী আনিছুর রহমান আনিছ ওই গ্রামের আবুল হোসেনের ছেলে এবং পাঁচ বছর বয়সী জাহিদুর রহমান জাহেদ জাহাঙ্গীর হোসেনের ছেলে। তারা প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই খেলা করছিল দুই শিশু। দুপুর ১২টায় তাদের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশরাফুল আমিন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পেটে অতিরিক্ত পানি প্রবেশ করেছিল। এ কারণেই তাদের মৃত্যু হয়েছে।”
