২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বন্ধ কারখানার সামনে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের অভিযোগ, কয়েক মাসের বেতন বকেয়া রেখে গত বছরের মে মাসে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 08:26 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা এক পোশাক কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শুক্রবার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন। 

এ সময় বিক্ষোভকারীরা অন্তত তিন ঘণ্টা ঢাকা-কাপাসিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। বেতন পরিশোধে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।

শ্রমিকরা অভিযোগ করেন, গত বছরের মে মাসে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় তিন মাসের বেতন বকেয়া ছিল তাদের। হঠাৎ বন্ধ করা কারখানাটি শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধ করেনি। 

স্থানীয়রা জানান, শ্রমিক আন্দোলনের কারণে কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকরা দুপুর ২টার দিকে সড়ক থেকে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানায় গেলে সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। গেইটে থাকা নিরাপত্তাকর্মীরা এ বিষয়ে কথা বলতে চাননি। 

শ্রীপুর মডেল থানায় এসআই নাজিম আহম্মেদ বলেন, “কারখানায় শ্রমিক অসন্তোষ আর আন্দোলনের ব্যাপারটি আমাদেরকে জানানো হয়নি। তাই কোনো পুলিশ সদস্য সেখানে যাননি।”