Published : 27 Jun 2026, 10:19 PM
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিক্রির আগে একটি ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানোর অভিযোগ ওঠেছে। ওজন বাড়ানোর উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে অভিযোগ।
বুধবার সকালে উপজেলার রূপসদী বাজারে ঘটনাটি ঘটে বলে জানান বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ী চাঁন বাদশাকে খুঁজছে পুলিশ। তিনি উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিক্রির জন্য রূপসদী বাজারে আনা একটি ছাগলকে পাইপের মাধ্যমে পানি খাওয়ানো হয়।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। এ সময় আরেক ব্যক্তি পাইপের মাধ্যমে ছাগলটির মুখে পানি ঢালছেন।
ব্যবসায়ীর ভাতিজা রাদেন বলেন, তার চাচা বিভিন্ন এলাকা থেকে ছাগল কিনে বাজারে বিক্রি করেন। নতুন জায়গায় আনার পর অনেক সময় ছাগল খাবার খেতে চায় না। এজন্য ছাগলকে রোগাক্রান্ত মনে হয়। তাই তাকে পানি খাওয়ানো হচ্ছিল। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাগলটি আর বিক্রি করা হয়নি। সেটি এখন বাড়িতে রয়েছে।
ইউএনও তারিকুল ইসলাম বলেন, চাঁন বাদশাকে শনাক্ত করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ছাগল মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।