Published : 04 Aug 2025, 09:26 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের পর এ দণ্ড দেওয়া হয় বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।
দণ্ড পাওয়া রাব্বি হাসান (২২) উপজেলার উফারমারা গ্রামের বাসিন্দা আবু সালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও উত্তম কুমার ও পাটগ্রাম থানার এসআই হাসানসহ পুলিশের একটি দল ধরলা নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রাব্বি হাসানকে আটক করা হয়।
পরে রাব্বিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ।
আইন ভঙ্গ করে যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও উত্তম কুমার দাশ।