‘বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়’ বক্তব্যের জন্য হাসনাতকে ক্ষমা চাওয়ার আহ্বান
“রাজনীতিতে অপরিপক্কতার কারণে তিনি শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন।”
‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দলের জেলার নেতারা।
সোমবার বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ওই বক্তব্যের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্চিত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন- ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন।’
হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে তিনি বলেন, রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন তিনি। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।”
তিনি বলেন, “হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির খ্যাত এনসিপির মুখপাত্র। তার মত ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্যদল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ।”
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, “হাসনাত আব্দুল্লাহ যদি অতিদ্রুত তার বক্তব্য প্রত্যাহার না করে, দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেবে না বলে আমি মনে করি। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্চিত ঘোষণা করিনি। তাকে আমরা স্পেস দিয়েছি।”
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এ সব ছেলেমানুষী নেতাদের রাজনীতিতে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে, ততই দেশের জনগণের আস্থা হারাবে।”
সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ দলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
