Published : 16 Dec 2025, 12:09 PM
গাজীপুর নগরীতে আগুন লেগে পুড়ে গেছে বাসা বাড়ির ২০টি ঘর ও ও পাঁচটি দোকান।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ মধ্যপাড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান।
এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল বলেন, “আমবাগ এলাকায় বাসা বাড়ির পাশেই একটি ভাঙ্গারি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের আরও চারটি দোকান এবং টিনশেড বাসা বাড়ির ২০ কক্ষে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে বাসা বাড়ির ২০টি ঘর, পাঁচটি দোকান এবং আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।”

আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ভাঙ্গারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।