নীলফামারী-৪: জাপা প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলার অভিযোগ
জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দিন খান হানিফ বলেন, এলাকার সাধারণ ভোটাররা প্রতিবাদ করেছে।
নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনি কার্যালয়ে হামলার অভিযোগ করেছেন লাঙ্গলের প্রার্থী মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। এতে তার কয়েক কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে সাবেক এই সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন।
তিনি বলেন, “সোমবার প্রচার শেষে রাতে জাতীয় পার্টির নির্বাচনি কার্যালয়ে আলোচনা শেষে নেতাকর্মীরা বাড়ির উদ্দেশে বের হন। সেখানে জামায়াত সমর্থিত কিছু লোক এসে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে বলে চিৎকার ও ‘মব’ সৃষ্টি করে কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং দলের পাঁচ নেতাকর্মীকে ব্যাপক মারধর করা হয়।”
তিনি বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্বাহী হাকিম ও সেনাবাহিনী নির্বাচনি কার্যালয়ে তল্লাশি চালিয়ে অবৈধ কিছু পায়নি।
সিদ্দিক বলেন, “নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেনস্তা ও নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমার কার্যালয়ে হামলা-ভাঙচুর করা হয়েছে। এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দিন খান হানিফ বলেন, “জাপা প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভোট কেনার জন্য টাকা বিতরণ করছে এমন খবরে এলাকার সাধারণ ভোটাররা প্রতিবাদ জানান। সেই খবর পেয়ে আমরা সৈয়দপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনওকে বিষয়টি অবগত করেছি এবং ঘটনাস্থলে গিয়েছে। ভাঙচুর ও হামলা ঘটনায় জামায়াতের কেউ জড়িত না। এলাকার সাধারণ ভোটারার প্রতিবাদ করেছে।”
