১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবন্তিকার আত্মহত্যা: জামিনে মুক্ত জবি শিক্ষক দ্বীন ইসলাম

মামলায় অপর আসামি অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

অবন্তিকার আত্মহত্যা: জামিনে মুক্ত জবি শিক্ষক দ্বীন ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।

উচ্চ আদালতে জামিন পাওয়ার পর বুধবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন বলে জানিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন।

তবে মামলায় অপর আসামি অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী এখনও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে কুমিল্লার আদালতে একাধিকবার জামিন না মঞ্জুর হয় দ্বীন ইসলামের।

রাত ৮টায় জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন দ্বীন ইসলাম। বুধবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, উচ্চ আদালতের নির্দেশে দ্বীন ইসলাম মুক্তি পেয়েছেন। দুপুরের পর কোর্টের আদেশ হাতে পান তিনি। এরপর কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে নিয়ে গেছেন।

কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে অবন্তিকা ১৫ মার্চ রাত ১০টার দিকে নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামের ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।

মৃত্যুর ১০ মিনিট আগে নিজের ফেইসবুকে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সহপাঠী আম্মানকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।

ফেইসবুক পোস্টে অবন্তিকা লেখেন, “আমি যদি কখনও সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।”

অবন্তিকার মৃত্যুর খবর ক্যাম্পাসে আসার পর তার সহপাঠীসহ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরদিন সকালে আম্মানকে বহিষ্কার ও দ্বীন ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে সাময়িক বরখাস্ত হন দ্বীন।

এদিন বেলা ৩টার দিকে ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্ক এলাকা ঘুরে ফের শান্ত চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। পরে সেখান থেকে ওই দুইজনকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

অবন্তিকার মা তাহমিনা বেগম শবনম ১৬ মার্চ রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন।

এ মামলায় ওই দুইজনকে ১৬ মার্চ রাতে আটকের পরদিন কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ডিএমপি পুলিশ। পরদিন এ মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী আম্মানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে এতোদিন তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

আরও পড়ুন:

অবন্তিকার মৃত্যু: সহপাঠী আম্মানের জামিন নামঞ্জুর

অবন্তিকার মৃত্যু: সহপাঠী, শিক্ষককে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চিরনিদ্রায় বাবাকে পাশে পেলেন অবন্তিকা

কার কাছে বিচার দেব, অবন্তিকার মায়ের বিলাপ

অবন্তিকার পরিবার মামলা করলে ব্যবস্থা নেবে পুলিশ: জবি

শিক্ষক-সহপাঠীকে ‘দায়ী করে’ জগন্নাথ ছাত্রীর আত্মহত্যা