বগুড়ায় বাস উল্টে দুই নারী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।
বগুড়ার নন্দীগ্রামে একটি বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন নন্দীগ্রামের রনজাই তেঘরী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুঁথি (২২)।
স্থানীয়দের বরাতে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, বগুড়া থেকে একটি বাস নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর যাচ্ছিল। পথে বাসটি কাথম-কালিগঞ্জ সড়কে নন্দীগ্রাম উপজেলার দলগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে অন্তত ১৭ জন যাত্রী আহত হন।
ওসি জানান, স্থানীয়দের সহায়তায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর পাঁচ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে ওসি জানান।
