খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক
পানছড়ি থানার ওসি বলেন, মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথ বাহিনী।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দই চন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জ্যেষ্ঠ মোহন রিয়াংয়ের তরসেন রিয়াং (৩০) এবং লালমান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।
এ ঘটনায় পানছড়ি থানার এসআই সেন্টু মিয়া বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার বরাতে পুলিশ জানায়, তিনজন ৬ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বুধবার তারা পানছড়ি সীমান্ত দিয়ে ভারতে ফিরছিল। যৌথবাহিনীর চেকপোস্ট দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়েছে।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
