২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের সামনে ভাইকে কুপিয়ে হত্যা করল কিশোররা

নরসিংদীর শিবপুর উপজেলা সদর রোডে এ ঘটনা ঘটে বলে ওসি ফরিদ উদ্দিন জানান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 10:39 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

নরসিংদীর শিবপুর উপজেলায় বোনের সামনে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোররা। 

রোববার দুপুরে উপজেলা সদর রোডে এ ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন জানান। 

নিহত মারুফ (২৭) উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি একটি হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন। 

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুপুরে মারুফকে সদর রোডের একটি বাসায় আটকে রাখে কয়েক কিশোর। তখন তার বোন বৃষ্টি আক্তার পাশের একটি ব্যাংকে কাজ করছিলেন। খবর পেয়ে তিনি সেখানে ছুটে আছেন। 

বৃষ্টির কাছে তখন ব্যাংক থেকে তোলা তার বাবার পেনশনের টাকা ছিল। কিশোররা সেই টাকা ছিনিয়ে নেয়। এবং মারুফকে কুপিয়ে জখম করে সেখানে ফেলে রেখে যায়। 

তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, “মারুফ নিজেও দুই মাস আগে একজনকে কোপানোর মামলায় আসামি হয়েছেন। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছেন লোকজন।

“প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে বলে জানা গেছে।” 

ওসি বলেন, লাশ নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 

তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক কি-না তা জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।