সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
সারাদেশে বিভিন্ন সংবাদমাধ্যম কার্যালয়ে হামলা-ভাঙচুরসহ সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
জেলায় কর্মরত সংবাদমাধ্যমের কর্মীরা সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে।
দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীণ সংবাদকর্মী এ কে এম মকছুদ আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙামাটি জেলার সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, পার্বত্য সময়’র সম্পাদক মিল্টন বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতি মিল্টন বিশ্বাস, জেলা স্কাউটের সম্পাদক নুরুল আবছার, কাউখালী প্রেসক্লাবের মেহেদী হাসান সোহাগ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্যোগসহ নানান ঘটনায় অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করেন মানুষকে তথ্য দেওয়ার জন্য। কিন্তু কারো বিপক্ষে গেলেই সংবাদ কর্মীদের ওপর হামলার পাশাপাশি সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয় সংবাদমাধ্যমকে। কিন্তু সবসময় সংবাদমাধ্যমেরে ওপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা।
সংবাদমাধ্যম ও কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
