সিলেটে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫
সিলেট-তামাবিল সড়কে দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সিলেট-তামাবিল সড়কে দরবস্ত এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে তামাবিল হাইওয়ে পুলিশের ওসি আবুল কাসেম জানান।
নিহতরা হলেন বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন ওরফে কাছাই (৪৫)।
আবুল কাসেম জানান, যাত্রী বোঝাই একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে দরবস্ত এলাকায় পল্লীবিদ্যুতের সামনে বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
