২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে রাস্তার পাশে পড়েছিল ত্রাণের ৯ বস্তা কম্বল

২০২৩-২৪ অর্থবছরের ত্রাণের কম্বল রাস্তার পাশে পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 10:09 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

বরিশালের উজিরপুরে রাস্তার পাশ থেকে ত্রাণের ৯ বস্তা কম্বল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে কম্বলগুলো উদ্ধার করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। 

স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে পলিথিনে মোড়ানো অবস্থায় কম্বলগুলো পড়ে থাকতে দেখে তারা প্রশাসনকে খবর দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, ২০২৪ সালের ৫ অগাস্টের আগে আওয়ামী লীগের কয়েকজন নেতার মাধ্যমে সরকারি গুদাম থেকে কম্বলগুলো বের করে বাজারের একটি গোডাউনে রাখা ছিল। 

তবে ওই গোডাউনের দেখাশোনার দায়িত্বে থাকা শাওন সজল বলেন, ঘরটি তার ছোট ভাই আতিকুর রহমানের। তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। 

ঘরটি ভাড়া দেওয়ার কারণে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা কম্বলগুলো বাইরে এনে পলিথিন দিয়ে ঢেকে রেখে যান। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

ইউএনও মো. আলী সুজা বলেন, কম্বলগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে। কম্বলগুলোয় ২০২৩-২৪ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোগোযুক্ত। এগুলো সেখানে কীভাবে এসেছে এবং কারা রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।