খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লাগল মায়ের গায়ে
সকালে দুটি মোটরসাইকেলে পাঁচজন ওই বাড়িতে আসেন।
খুলনা নগরীর করিমনগর এলাকায় এক গৃহবধূ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, ছেলেকে খুঁজতে এসে কয়েক অস্ত্রধারী মাকে গুলি ছোড়েন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।
গুলিবিদ্ধ শিমুল বেগমকে (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করিমনগর এলাকার মোবাইল ফোন ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মুকুল করিমনগরের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। সকালে দুটি মোটরসাইকেলে পাঁচজন ওই বাড়িতে আসেন। তারা নিচতলার ফটক খুলে ভেতরে ঢুকে তৃতীয় তলায় আসেন।
তারা মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন। মুকুল তাদের কাছে ছেলেকে খোঁজার কারণ জানতে চান। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন আগত ব্যক্তিরা গুলি করেন।
ঘটনার বর্ণনা দিয়ে মো. মুকুল বলেন, তার ছেলে বাড়িতে নেই, এ কথা আগত ব্যক্তিদের জানানোর পরও তারা সেখানে অবস্থান করছিলেন।
একপর্যায়ে তাদের একজন মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুকুলের স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে লাগে।
পরে আহত শিমুলকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, মুকুল ও তার পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
