২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় চাঁদপুর সদর থানায় শতাধিক অভিযোগ

শেখ হাসিনা সরকার পতনের এক সপ্তাহ কর্মবিরতির পর শুরু হয়েছে থানার কার্যক্রম।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:01 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের এক সপ্তাহ কর্মবিরতির পর দেশের অন্য থানার ন্যায় আবার চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারামারি, ভাঙচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে থানায় শতাধিক অভিযোগ ও জিডি জমা পড়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।

এর আগে সোমবার বেলা ১১টায় সদর মডেল থানা পুলিশ সড়কে নামে। সেই সময় শহরের শপথ চত্বরে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সাধারণ মানুষ।

থানায় সেবা নিতে আসা আব্দুর রহিম জানান, তার মেয়ে কয়েকদিন আগে নিখোঁজ হয়েছেন। পুলিশের কর্মবিরতির কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেননি। কার্যক্রম চালু হওয়ায় জিডি করেছেন।

সোবহান গাজী নামের আরেকজন জানান, সম্পত্তি নিয়ে ঝামেলার কারণে থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। পুলিশের কর্মবিরতির কারণে এতদিন করতে পারেননি।

সদরের হানারচর এলাকার আবুল মাস্টার জানান, ৫ অগাস্ট দুর্বৃত্তরা তার ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়। থানার কার্যক্রম চালুর বিষয়টি তিনি জানতেন না। যে কারণে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছিলেন। এখন থানায়ও অভিযোগ দেবেন।

ওসি শেখ মুহসীন আলম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার পুলিশ কাজ করছে। পুলিশের কর্মবিরতির কারণে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। 

“গেল ২৪ ঘণ্টায় পাওয়া অভিযোগ ও জিডি থানার কর্মকর্তাদের মাঝে বণ্টন করা হয়েছে। দ্রুত এগুলো সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে কয়েকদিনের মধ্যে অভিযোগের সংখ্যা কমে আসবে।”

৫ অগাস্ট সরকার পতনের পর ঢাকার থানাগুলোতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার খবর আসতে থাকে। এরপর থেকে কার্যত বন্ধ হয়ে যায় দেশের পুলিশি ব্যবস্থা। একরকম পালিয়ে থাকা পুলিশ সদস্যরা কাজে ফিরতে ১১ দফা দাবিও জানান।

আরও পড়ুন:

৫ থানার কার্যক্রম শুরু হয়নি এখনো

ঢাকার থানায় ফেরেনি পুলিশ, রাত হলেই আতঙ্ক