২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা সংসদীয় আসনের দাবিতে বেলাবতে মানববন্ধন

বেলাব বাজার শাপলা চত্বরে ‘স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকালে উপজেলার বেলাব বাজার শাপলা চত্বরে ‘স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘দীপ্ত শপথে লড়বো, বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসনে গড়বো’ স্লোগানে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বেলাব উপজেলা নরসিংদীর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে। 

তারা বলেন, বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী-৪ (বেলাব- মনোহরদী) আসনের অংশ হলেও স্বতন্ত্র আসনের দাবি উপজেলার সর্বস্তরের জনগণের। উন্নয়ন বৈষম্য দূর করাসহ বেলাব উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে আলাদা সংসদীয় আসন করার দাবিতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

‘চলো গড়ি বেলাব’ ফেইসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূইয়া, বেলাব সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান।