Published : 13 Jul 2026, 05:06 PM
নীলফামারীর সৈয়দপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৭ শিক্ষার্থীর মধ্যে ৪০ জন বৃত্তি পেয়েছে।
তাদের মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এই সাফল্য এসেছে। একসঙ্গে ৪০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের।”
প্রধান শিক্ষক বলেন, “ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখতে শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।”
বৃত্তি পাওয়ার খবরে বিদ্যালয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া শিক্ষার্থী তাওসিফ ইসলাম (তাহিন) বলেন, “আমি তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। ভবিষ্যতে আমি মানবিক ডাক্তার হতে চাই।”
বৃত্তি পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, “স্বল্প আয়ের পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ই বড় ভরসা। তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুরের একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান। এখানে পড়াশোনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।”
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ নীলফামারী জেলার ছয় উপজেলার এক হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ট্যালেন্টপুল সরকারি বৃত্তি পেয়েছে ৩৮১ জন, ট্যালেন্টপুল বেসরকারি বৃত্তি ১৪৮ জন, সাধারণ সরকারি বৃত্তি ৪৯৫ জন এবং সাধারণ বেসরকারি বৃত্তি পেয়েছে ২২২ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে নীলফামারী সদর উপজেলায় সবচেয়ে বেশি ২৫২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরপর জলঢাকা উপজেলায় ২৪০ জন এবং সৈয়দপুর উপজেলায় ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ ছাড়া ডিমলায় ১৮৩ জন, ডোমারে ১৮১ জন এবং কিশোরগঞ্জে ১৫৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, জেলার শিক্ষার্থীদের এই সাফল্য আনন্দের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।