২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণে বাধা’, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৬

আটকদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

‘বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণে বাধা’, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৬
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, শনিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। 

নিহত আবদুল মালেক (৭০) উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রয়াত মির্জা আলীর ছেলে।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা কামাল উদ্দিনের বাড়ি ঘেরাও করেন। 

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ গিয়ে কামাল উদ্দিনসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান।

নিহতের ছেলে মহিন উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে কামাল উদ্দিনের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। 

“শুক্রবার বিকালে কামাল বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণ করছিলেন; আমার বাবা এতে বাধা দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পরিকল্পনা করে তারা আমার বাবার ওপর হামলা চালায়। ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে উপর্যপুরি আঘাত করে। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে পড়লে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে সেখান তার মৃত্যু হয়।”

বাবা হত্যার বিচার চেয়েছেন মহিন উদ্দিন।

ওসি হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কামাল উদ্দিনসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটকদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।