২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সকালে ঘন কুয়াশার কারণে দুই মোটরসাইকেল চালক কেউ কাউকে দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 03:01 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

লালমনিরহাটের পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে আঞ্চলিক সড়কের পাটগ্রাম ইউনিয়নের কলতাপাড় (হাজীগঞ্জ বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান। 

নিহত ব্যবসায়ী আবুল কালাম আজাদের (৪৮) বাড়ি একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতাহাট গ্রামে। তিনি পেশায় মিল (ধান ভাঙ্গার মেশিন) ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আশরাফুজ্জামান বলেন, ব্যবসায়ী আবুল কালাম বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট (উফামারা) বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে (ধান ভাঙ্গার মিল) যাচ্ছিলেন।  

পথে কলতাপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল কালাম আজাদ মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে আহত হন। 

পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সকালে ঘন কুয়াশার কারণে দুই মোটরসাইকেল চালক কেউ কাউকে দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি আশরাফুজ্জামান আরও বলেন, নিহতের স্বজনদের অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।