অমিত হত্যা: ছাত্রদল নেতাকে ছাড়াতে কর্মসূচি, বিচার নিয়ে শঙ্কা পরিবারের
এ মামলায় ওই ছাত্রদল নেতাসহ পাঁচজন গ্রেপ্তার হন। এর মধ্যে একজন জামিন লাভ করেন।
সিলেটের একটি স্থানীয় পত্রিকার কর্মী অমিত দাস শিবু হত্যা মামলার আসামির কারামুক্তির দাবিতে পোস্টারিং ও মানববন্ধন হয়েছে।
মহানগর ছাত্রদলের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ রাজনৈতিক কারণে ‘মিথ্যা মামলায় রাজবন্দী’ দাবি করে তার নিঃশর্ত মুক্তি চেয়ে নগরীতে ওই কর্মসূচি করেন বিএনপির নেতাকর্মীরা।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলছেন, দোষী না হলে কারাবন্দী সিলেট মহানগর ছাত্রদলের সহ সমাজসেবা সম্পাদক ফয়সল আহমদকে মুক্তি দেওয়া হোক।
তিনি বলেন, “আমরা মানববন্ধনে বলেছি, ফয়সল যদি দোষ করে থাকে তাহলে তার শাস্তি হোক, আর সে দোষী না হলে তার জামিন দেওয়া হোক। প্রশাসন সুষ্ঠু তদন্ত করে বিষয়টা পরিষ্কার করার কথা বলেছি। অন্য বক্তারাও এটিই বলেছেন।”
এ অবস্থায় নিহত অমিতের পরিবার হত্যার বিচার নিয়ে পড়েছেন শঙ্কায়।
মামলার বাদী নিহতের ভাই অনুকূল দাস এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বলেন, “পরিকল্পনার অংশ হিসেবে খুনি চক্রটি মোবাইলের মাধ্যমে আমার ভাইকে ডেকে নিয়েছিল শাহী ঈদগাহ এলাকায়।
“মামলার আসামি ফয়সল আহমদের আগে কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন জায়গায় তার মুক্তির দাবিতে পোস্টারিং করা হয়েছে রাজনৈতিক দলের কর্মী হিসেবে। মানববন্ধনও করা হয়েছে।”
মামলার ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে তিনি ‘খুনিদের কোনো অজুহাতে’ না বাঁচানোর দাবি জানান।
এদিকে, রোববার বিকালে মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “অমিত হত্যা মামলায় তাহমিদ আহমদ নামে এক আসামি জামিন পেয়েছেন। আর ফয়সলসহ বাকি চার আসামি জেলে আছেন। আমরা নিহতের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট চলে আসলে চার্জশিট জমা দেওয়া হবে।’’
গত ২৫ এপ্রিল রাতে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা বাগানসংলগ্ন মাঠ থেকে স্থানীয় উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধার করে পুলিশ।
অমিত দাস সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে ও তিনি দুই সন্তানের বাবা।
লাশ উদ্ধারের দুই দিন পর নিহতের বড় ভাই অনুকূল দাস (৪২) বাদী হয়ে নগরের এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ থেকে আব্দুল মুকিতের ছেলে ফয়সল আহমদকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে চুরি-ছিনতাই-ডাকাতিসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এ ছাড়া সুমাইয়া আক্তার সুমি ও তাহমিদ আহমদ নামে দুইজনকে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে এদুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এছাড়াও গ্রেপ্তার হন হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা আশিকুর রহমান টিপু (৩৮) ও সিলেট শহরতলির জাহাঙ্গীরনগর এলাকার মো. নিজাম (৩৮)।
তখন টিপু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আসামি ফয়সল আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত শুক্রবার শাহী ঈদগাহ গেইটের সামনে শাহী ঈদগাহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
এতে স্থানীয় আব্দুর নূর সভাপতিত্ব করেন। একই এলাকার শাকের আহমদ ও এমএস সুমন নামে দুজন ছিলেন কর্মসূচির পরিচালনায়।
মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি, এর অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘স্বৈরাচারী’ শেখ হাসিনা সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিগত সময় ‘চরম নির্যাতন-নিপীড়ন’ করেছে। তার ধারাবাহিকতা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটকে রাখা হয়েছে মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক ফয়সল আহমদকে।
তাদের ভাষ্য, ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হলেও স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে কারাগারে বন্দী রেখেছে।
অবিলম্বে ফয়সল আহমদসহ ‘ষড়যন্ত্রমূলক মামলায়’ কারাগারে আটক সব বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন:
