রংপুরের সাবেক এমপি ডিউক চৌধুরীর ভাই গ্রেপ্তার
লিংকনকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৩টায় বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান।
পুলিশ জানায়, লিংকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ৫ অগাস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনেও মামলা হয়েছে।
আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী স্থানীয়ভাবে ডিউক চৌধুরী হিসেবে পরিচিত। ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক আছেন।
ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন লিংকন চৌধুরী। বগুড়া থেকে তাকে রংপুরে আনা হচ্ছে।
