জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে: ইকবাল হাসান
জামায়াত শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। এজন্য তার প্রতি জামায়াতের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু জামায়াতের সেই কৃতজ্ঞতাবোধ নেই, তারা শহীদ জিয়ার দল বিএনপিকেই ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে।”
বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক জেল-জুলুম নির্যাতন সহ্য করেছে কিন্তু শহীদ জিয়ার দল বিএনপি ছেড়ে যায়নি।
“দেশ নিয়ে আবার ষড়যন্ত্র চলছে কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ”, বলেন তিনি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য দেন।
সভায় জেলা ও উপজেলা বিএনপির ১৮টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
