২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বরগুনায় গাছ থেকে পড়ে আহত মুখপোড়া হনুমানটিকে বাঁচানো গেল না

পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হনুমানটির মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 08:07 PM

Updated : 29 Sep 2026, 08:07 PM

বরগুনার পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকায় গাছ থেকে পড়ে আহত মুখপোড়া হনুমানটি মারা গেছে।

ঘটনার তিন দিন পর মঙ্গলবার সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হনুমানটির মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা অরবিন্দ দাস।

বন বিভাগ থেকে জানা গেছে, শনিবার তালতলায় ব্র্যাক এনজিও কার্যালয়ের পাশের গাছ থেকে একটি হনুমান বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রায় দুই দিন হনুমানটি সেখানেই পড়েছিল।

পরে সোমবার স্থানীয়রা সমাজকর্মী মেহেদী হাসানকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মী ইমাম হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান মেহেদী। পরে বন বিভাগের সহায়তায় হনুমানটিকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।

সমাজকর্মী মেহেদী হাসান বলেন, গাছ থেকে পড়ে হনুমানটি গুরুতর আহত হয়েছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের সহায়তায় সেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বনবিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে থাকা অবস্থায় সকালে হনুমানটির মারা যায়।

পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরবিন্দ দাস বলেন, প্রাণীটি খুবই দুর্বল ছিল এবং খাবার খাচ্ছিল না। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টার দিকে প্রাণীটি মারা যায়। প্রাণীটির বয়স আনুমানিক আট থেকে ১০ বছর।

হনুমানটির মৃত্যু সনদ প্রস্তুত করা হয়েছে এবং মৃতদেহ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটি মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলার বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ।