Published : 16 Jul 2026, 02:47 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে একইসঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার মো. মজিবুর রহমান জানিয়েছেন।
মৃতরা হল- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া।
তারা সবাই বড়কান্দা এলাকার ‘গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা’র শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছে, মাদ্রাসায় বিরতির পর ছয় শিক্ষার্থী একসঙ্গে পাশের একটি খালে গোসল করতে নামে। তাদের মধ্যে দুজন পাড়ে উঠে স্থানীয়দের ডুবে যাওয়ার খবর জানালে একে একে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এরমধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে পাগলপ্রায় শামীম মিয়া হাসপাতালের এক কোনে বসে মাতম করছিলেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সকালে কাজে যাওয়ার জন্য তিতাস ট্রেন ধরতে বাড়ি থেকে বের হয়ে রায়পুরা বাজার যাই। তখনই বাড়ি থেকে ফোন আসে মেয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে আমি দ্রুত হাসপাতাল চলে আসি।”
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বেলা ১টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তখন তাদের কারও শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন পাওয়া যায়নি। অপর এক শিশুর মরদেহ তার বাড়িতে রয়েছে।
ওসি মজিবুর রহমান বলেন, “এ ঘটনায় দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এক শিশু নিখোঁজ রয়েছে বলে শুনেছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”