২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 01:14 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার রাত ৮টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুরের এসপি সাইফুজ্জামান জানান।

নিহত ইকবাল বেপারী (৩০) সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার ছলেমান বেপারীর ছেলে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদারীপুর পৌর শহরের চর মুগুরিয়ায় খান ও মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব আছে।

এর জেরে শনিবার রাত ৮টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করলে বোমার আঘাতে খান বংশের পক্ষের ইকবাল বেপারী গুরুতর আহত হন।  

তাকে উদ্ধার করে মাদারীপুরের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আনে। 

ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানিয়ে এসপি সাইফুজ্জামান বলেন, ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।