চুয়াডাঙ্গায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি
“চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হলেও এ বছর হাটগুলোতে ভারতীয় গরু দেখা যায়নি। এ কারণে খামার মালিকরাও খুশি।”
শেষ সময়ে এসে চুয়াডাঙ্গার পশুর হাটগুলো জমে ওঠেছে। ছোট ও মাঝারি পশুর বেচাকেনা বেড়ে গেছে। দামও নাগালের মধ্যে বলে মনে করছেন ক্রেতারা।
যদিও বিক্রেতারা বলছেন, চাহিদার চেয়ে হাটে পশু আমদানি বেশি। তাই দাম কমে গেছে। বড় গরুর প্রতি ক্রেতার আগ্রহ কম। তারা সন্তোষ্ট হতে পারছেন না।
চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক শামিমুজ্জামান বলেন, এ বছর জেলায় খামার মালিকরা এক লাখ ৯৯ হাজার ৪৩৬টি পশু প্রস্তুত করেছেন। জেলায় প্রয়োজন এক লাখ ২৪ হাজার ৮৫৫টি পশু। চাহিদার চেয়ে জেলায় ৭৪ হাজার ৫৮১টি পশু বেশি আছে।
তিনি বলেন, জেলায় ছোট-বড় মিলে অন্তত ১২টি পশুর হাট রয়েছে। সব হাটেই পশু আমদানি ভাল। ছোট ও মাঝারি গরুর বেচাকেনা হচ্ছে বেশি। প্রয়োজনের তুলনায় বেশি পশু থাকায় কোরবানি দিতে আগ্রহীদের সমস্যায় পড়তে হচ্ছে না। তারা ঘুরে দেখে পছন্দের পশুটি কিনছেন।
প্রাণিসম্পদ বিভাগ এবার এক হাজার কোটি টাকার পশু বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান শামিমুজ্জামান।
আলমডাঙ্গার গোকুলখালি পশুর হাটে বুধবার গরু কিনতে এসেছেন চুয়াডাঙ্গার আইনজীবী আশরাফুল ইসলাম। তিনি বলেন, “এখনও কিনতে পারিনি। হাট ঘুরে ঘুরে দেখছি। দাম নাগালের মধ্যেই বলে মনে হচ্ছে। যারা কিনছেন তারা সাধ্যের মধ্যে ভাল গরুই কিনতে পারছেন।”
তবে দাম একটু বেশি লাগছে বলে মনে করছেন একই হাটে গরু কিনতে আসা বেপারি আজিজ হোসেন। তিনি বলছিলেন, “১৫-২০ দিন আগে গরুর যে দাম ছিল তার চেয়ে সামান্য বেড়েছে। আমি নিজে ডুগডুগি হাট থেকে গরু কিনে চার দিন পর এই হাটে বিক্রি করে লাভবান হয়েছি। ছোট গরুর চাহিদা বেশি। এবার ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের মধ্যে গরু বেশি বিক্রি হচ্ছে। বড় গরুর ক্রেতা নেই।”
আগের চেয়ে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরুর দামও একটু বেড়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের একটি বড় খামারের মালিক হাজ্জাজ আলী।
তিনি বলেন, “গরু লালন-পালনে খরচ বেড়েছে। এ বছর ছোট ও মাঝারি গরুর চাহিদা রয়েছে বেশি। বড় গরু বিক্রি হয়নি বললেই চলে। ১৪-১৫ লাখ টাকার বড় গরুর দাম ক্রেতারা বলছেন, সাত থেকে আট লাখ টাকা। বড় গরুর ক্ষেত্রে লোকসান দিতে হবে খামার মালিকদের।”
দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুর হাটে গরু কেনার জন্য গিয়েছেন বেপারি ইছাহাক আলী। তিনি মোবাইল ফোনে বলছিলেন, “আলমডাঙ্গা, ডুগডুগি, শিয়ালমারি, নয়মাইল বড় হাট হিসেবে পরিচিত। সবগুলো হাট ঘুরে দেখেছি। পশুর দাম নাগালের মধ্যে। ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। মাঝারি গরুরও ক্রেতা আছে।”
তিনি বলেন, “চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হলেও এ বছর হাটগুলোতে ভারতীয় গরু দেখা যায়নি। এ কারণে খামার মালিকরাও খুশি।”
