গাজীপুরে গার্মেন্ট কারখানার বারান্দায় প্রকৌশলীর লাশ
“এক পর্যায়ে তাদের একজন ঘরের বারান্দার দিকের দরজা আটকাতে গিয়ে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পান।”
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি তৈরি পোশাক কারখানার বারান্দা থেকে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম।
নিহত মো. রনি শেখ (২৬) ওই কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীন হাজারীর ছেলে।
কারখানার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, “কারখানার যে ঘরের বারান্দায় রনির লাশ পাওয়া গেছে, সেই রুমে রনিসহ আরও সাতজন কর্মকর্তা থাকতেন। সকালে ঘুম থেকে উঠে যে যার মতো কর্মস্থলের কাজে যোগ দিতে বের হতে থাকেন। একপর্যায়ে তাদের একজন ঘরের বারান্দার দিকের দরজা আটকাতে গিয়ে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে আমাকে জানালে পুলিশে খবর দেই।”
শ্রীপুর থানার এসআই ইসমাইল হোসেন বলেন, “আপাতত এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা আমরা তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।”
