১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যা: বিএনপি নেতা খায়রুল কবীর খোকন কারাগারে

বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রদল নেতা হত্যা: বিএনপি নেতা খায়রুল কবীর খোকন কারাগারে

বৃহস্পতিবার বিকালে নরসিংদীর আদালতে বিএনপি নেতা খায়রুল কবীর খোকন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 10:14 PM

Updated : 26 Oct 2023, 10:14 PM

নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জেলা বিএনপির আহ্বায়ক খোকনকে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারক মেহনাজ সিদ্দিকী তা মঞ্জুর করেন।

নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি খোকন চন্দ্র সরকার বলেন, “ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলার আসামি খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি। পরে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠান।”

বিকালে খায়রুল কবীর খোকনকে আদালত চত্বরে আনা হলে মামলার বাদী, নিহতের পরিবার ও এলাকাবাসী তার বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

পুরানো খবর:

বিএনপি নেতা খায়রুল কবির খোকন গ্রেপ্তার

পুরানো খবর:

নরসিংদীর ছাত্রদল সভাপতি গ্রেপ্তার, ‘খোকনের বাসায় মিলল অস্ত্র’

মামলার বরাতে পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জায়গা না পেয়ে এবং কাঙ্ক্ষিত পদ না পেয়ে একটি অংশ আন্দোলন শুরু করে। এর জেরে কয়েক মাস ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষের সমর্থকদের মধ্যে।

এর মধ্যেই ২৬ মে জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম নামের এক কর্মী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি রেখে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।