১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা খায়রুল কবির খোকন গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশ বলছে, নরসিংদীর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতা খায়রুল কবির খোকন গ্রেপ্তার

খায়রুল কবির খোকন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 12:03 PM

Updated : 26 Oct 2023, 02:11 PM

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গভীর রাতে তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।  

তিনি বলেন, “এভাবে একজন রাজনীতিবিদ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা সাবেক সংসদ সদস্যকে পুলিশ তুলে নিয়ে যাবে, এটার নিন্দার ভাষা আমার জানা নেই। আমি অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”

ডাকসুর সাবেক জিএস খোকনের স্ত্রী, বিএনপি বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেন, বুধবার রাতে সিপাহীবাগের নবীনবাগে ভাইয়ের বাসায় ছিলেন খোকন। সাধারণ পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের একটি দল সেখান গিয়ে রাতে তাকে ‘তুলে নিয়ে’ যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, “নরসিংদীর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।”

আগামী শনিবার রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশের ঘোষণা দেওয়া বিএনপি ঢাকার বাইরে থেকে নেতাকর্মীদের জড়ো করার পরিকল্পনা নিয়েছে। সেই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ‘গণহারে গ্রেপ্তার’ করা হচ্ছে বলেও অভিযোগ করছে দলটি।