১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

ধারণা করা হচ্ছে, পুকুরের পাড় থেকে পানিতে লাফ দিলে নিচে কাদায় আটকে যায় শিহাব ও হুসাইন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 07:46 PM

Updated : 30 May 2023, 08:40 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুকুরে গোসল করতে যাওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা পানির নিচে কাদায় আটকে ছিল।

পানিতে লাফ দেওয়ার পর তারা কাদায় আটকে গিয়ে মারা গেছে বলে ধারণা করছে স্থানীয়রা।  

মঙ্গলবার দুপুরে উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুরের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান।

নিহত শিশুরা হলো ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৭) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ হুসাইন (৮)।

স্থানীয়দের বরাতে ওসি ফেরদৌস জানান, পরিবারের অজান্তে পুকুরে গোসল করতে যায় শিহাব ও হুসাইন। ধারণা করা হচ্ছে, এ সময় পুকুরের পাড় থেকে পানিতে লাফ দিলে নিচে কাদায় আটকে যায় তারা।

পরে ওই পুকুরে অন্যরা গোসল করতে গেলে, তাদের পায়ে দুই শিশুর স্পর্শ অনুভব করেন। পরে দেখা যায়, দুই শিশু কাদায় আটকে রয়েছে। সেখান থেকে শিহাব ও হুসাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।