এক ট্রেনের ছবি তুলতে গিয়ে আরেক ট্রেনের ধাক্কায় খালার মৃত্যু, হাত পা বিচ্ছিন্ন ভাগ্নির
“ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আসতে দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিলেন।”
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন জানান।
নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।
গুরুতর আহত আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ভাগ্নি আয়শাকে নিয়ে বিকালে বাড়ির কাছে বেড়াতে হন মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আসতে দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিলেন। এ সময় পেছন থেকে তাকে মধুমতি এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিথিলার মৃত্যু হয়।”
“পরে চার হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় আয়শাকে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।”
আয়েশার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
