২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

তারেক রহমানের সফর সংক্রান্ত সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গণিউল আজম এ তথ্য জানান।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 03:17 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১২ জানুয়ারি রংপুর সফরে আসছেন।

এদিন বেলা ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদে কবর জিয়ারত করবেন তিনি। এরপর সড়ক পথে দিনাজপুর যাবেন।

তারেক রহমানের সফর সংক্রান্ত সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গণিউল আজম এ তথ্য জানান।

তিনি বলেন, চার দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাতযাপন করবেন তারেক রহমান। 

পর দিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন এবং সেখানে রাতযাপন করবেন। 

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাতযাপন করবেন। 

১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ ছাড়া সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনি আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। 

এদিকে সিরাজগঞ্জের অনুষ্ঠান নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যরা বলেন, যাত্রার শুরুতেই উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। 

যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়ক থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে দুপুর আড়াইটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

যমুনা নদীর তীরে ৪০০ একর জায়গায় নির্মিত বিসিক শিল্পপার্কটি গড়ে উঠলেও এখনো সেখানে কোনো স্থাপনা গড়ে ওঠেনি। তাই চারিদিকে নিরাপত্তা প্রাচীরে বেষ্টিত শিল্পপার্কটির অভ্যন্তরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এরই মধ্যে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি শুরু করা হয়েছে।