৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ, লাশ মিলল ধানক্ষেতে

“প্রথম স্বামীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 08:20 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা এলাকার একটি ধানক্ষেত থেকে শাকিরিন আক্তার নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার এসআই মিঠুন বৈদ্য জানান।

২০ বছর বয়সী শাকিরিন নারগানা দক্ষিণপাড়া এলাকার হারুন মিয়ার মেয়ে।‌ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাতে এসআই মিঠুন বলেন, “মুন্সীগঞ্জের বাসিন্দা সানির সঙ্গে পাঁচ বছর আগে শাকিরিনের বিয়ে হয়। তার ওই সংসারে সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর শাকিরিন সিলেটের এক যুবককে বিয়ে করেন। প্রায় দুই মাস আগে তার সঙ্গেও ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে ছিলেন।

“সম্প্রতি প্রথম স্বামী সানির সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন শাকিরিন। রোববার সানির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার কোন সন্ধান মিলছিল না। বুধবার রাতে তার বাবা কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।”

সকালে নারগানা এলাকার বিরেন্দ্র চন্দ্র পালের ধানক্ষেতে অর্ধগলিত একটি লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে শাকিরিনের স্বজনরা তার লাশটি শনাক্ত করেন বলে জানান এসআই।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।