Published : 30 May 2026, 10:30 PM
একাত্তরের পরাজিতরা আজকাল নানাভাবে ফনা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, “যারা গত ১৭ বছর মানুষকে শোষণ, নিপীড়ন, খুন-গুম, দুর্নীতি ও চাঁদাবাজি করেছে, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তারা বিদায় হয়েছে। কিন্তু তাদের সেই দোসররা এখন ষড়যন্ত্র করছে, যাতে বর্তমান সরকার সফল হতে না পারে।
“আবার ১৯৭১ সালে যারা পরাজিত যোদ্ধা ছিলেন তারাও আজকাল নানাভাবে ফনা তোলার চেষ্টা করছে। আমরা চাই দেশে বহুদল ও মত থাকবে। সবার কথা বলার ও কাজ করার স্বাধীনতা থাকবে।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এম এন একাডেমি মাঠে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “যারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব সরকার দেখতে চায় না, তারা জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের যেকোনো মূল্যে মোকাবেলা করতে হবে।”
জিয়াউর রহমানের সব বাধা অতিক্রম করে দেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে তুলে এনে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “জিয়াউর রহমান এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কৃষক ও শ্রমিকরা তিন বেলা পেট ভরে খেতে পারবেন। ছাত্রসমাজ ও যুবসমাজ নিজেদের শিক্ষা লাভ করে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করবে। নারীরা নিজেদের পায়ে দাঁড়াবে।
“তিনি প্রত্যেকটা স্বপ্নের বীজ বপন করে গেছেন। পানির সমস্যা দূর করার জন্য তিনি খাল খনন করেছেন। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠা করে গেছেন।”
জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “শহীদ জিয়া দেশের এক নম্বর রেমিট্যান্স খাত প্রতিষ্ঠা করেছেন। তিনি সফলভাবে বিশ্ব দরবারে দেশকে তুলে ধরেছিলেন।
“সেই ধারাবাহিকতায় গণতন্ত্রের মুক্তির প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে একজন আপোসহীন নেত্রী হিসাবে উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন।”
তিনি বলেন, “বর্তমান সরকারের গত তিন মাসের কর্মকাণ্ড আমরা যদি পর্যালোচনা করি তাহলে, দেশের একজন নাগরিক হিসাবে বলতে হবে- শহীদ জিয়ার আদর্শের পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
“প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি পৌঁছে দেওয়ার জন্য প্রচুর কাজ শুরু করেছেন। সারা দেশে তিনি উপস্থিত থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ফ্যামিলি কার্ডের কাজ চালু করেছেন।”
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রমহান বাবুল তালুকদারের সভাপতি আলোচনা সভায় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন।