রাজবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’
“আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। আমাকে মাফ করে দিও।”
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পাংশা রেলওয়ে স্টেশন এলাকার একটি কাঁঠাল গাছ থেকে ওই লাশটি উদ্ধার করা হয় বলে পাংশা মডেল থানার এসআই সাজিদ হোসেন জানান।
মৃত রাকিবুল ইসলাম (২০) কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার মো. রাজু প্রামাণিকের ছেলে ।
এসআই সাজিদ বলেন, “ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে রাকিবুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়।”
তিনি বলেন, “এ সময় তার কাছ থেকে একটি চিরকুটও পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে-আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। মা-বাবা তোমরা আমাকে মাফ করে দিও।
“প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাকিবুল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
