Published : 01 Apr 2026, 06:22 PM
বগুড়ার সান্তাহার স্টেশনের কাছে ঢাকা-চিলাহাটি রেলপথে ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুতির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য রেলওয়ের তিনটি বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহম্মেদ তদন্ত প্রতিবেদন জমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রদান করা হয়। প্রতিবেদনে প্রকৌশল বিভাগ, লোকোমাস্টার ও স্টেশন মাস্টারের গাফিলতির বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনার প্রধান কারণ ছিল রেলওয়ে প্রতিষ্ঠিত বিধিমালার (এস্টাবলিশড রুল) লঙ্ঘন। রেললাইনে কাজ চলাকালীন স্টেশন মাস্টারের পক্ষ থেকে চালককে প্রয়োজনীয় ‘অর্ডার ওপিটি’ (OPT) ফর্ম বা সতর্কবার্তা দেওয়া হয়নি।
নিয়ম অনুযায়ী, এ ফর্ম ইস্যু করা হলে চালক আগে থেকেই কাজের বিষয়ে অবগত থাকতেন এবং ট্রেনের গতি ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতেন।
দ্বিতীয়ত, প্রকৌশল বিভাগের পক্ষ থেকে লাইনে কাজ করার সময় বিধি অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে লাল পতাকা প্রদর্শন করা হয়নি। এ ছাড়া ট্রেনের লোকোমাস্টারের বিরুদ্ধেও অসতর্কতার অভিযোগ আনা হয়েছে।
সামনে রেলকর্মীরা কাজ করলেও এবং পর্যাপ্ত দূরত্বে পতাকা না থাকলেও চালক দূর থেকে বিষয়টি খেয়াল করে সতর্ক হতে পারতেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ১৮ মার্চ দুপুরে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি সান্তাহার জংশন পার হয়ে বাগবাড়ি এলাকায় পৌঁছালে নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের অন্তত ৬৬ যাত্রী আহত হন। আহতদের আদমদিঘী ও নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ দীর্ঘ সময় বিচ্ছিন্ন ছিল; যার ফলে ছয়টি ট্রেনের যাত্রা বাতিল এবং সাতটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
ঘটনার পরপর পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালক (ডিজি) বরাবর পাঠায় তদন্ত কমিটি।
'লাইন সংস্কার চলছিল, তখনই ঢুকে পড়ে ট্রেন'
‘নীলসাগর’ দুর্ঘটনা: সান্তাহারে ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: ‘ছাদ থেকে লাফিয়ে পড়ে বেশি আহত হয়েছে’