Published : 19 Nov 2025, 04:29 PM
লক্ষ্মীপুর শহরে মেরামতের জন্য গ্যারেজে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘মশার কয়েল’ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এরপরও ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে পৌর শহরের ইটেরপুল এলাকায় দিদারের গ্যারেজে নিপু পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কয়েকদিন ধরে দিদারের গ্যারেজে বাসটি মেরামতের কাজ করা হচ্ছিল। ভোরে হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে বাসের আসনসহ যন্ত্রাংশ পুড়ে গেছে।
গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন বলেন, “কয়েকদিন আগে গাড়িটি মেরামতের জন্য দেওয়া হয়। গাড়িটি আমার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। বাসটি পুড়ে আমার ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পথে বসার অবস্থা হয়েছে।
“গাড়িটি মেরামতের জন্য গ্যারেজ মালিককে দেড় লাখ টাকা দিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার সঠিক কারণসহ ক্ষতিপূরণ চাই।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণ পাওয়া যায়নি। গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
পুলিশ পরিদর্শক ঝলক মোহন্ত বলেন, গ্যারেজের লোকজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে কারণ বলা যাবে।”