২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভোলায় ‘বড় ভাইয়ের হাতে’ ছোট ভাই খুন

দুই ভাইয়ের বাগবিতণ্ডার এক পর্যায়ে ছালেমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 01:23 AM

Updated : 08 Apr 2023, 03:42 PM

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ বড় ভাইকে আটক করেছে।

শুক্রবার বিকালে কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির মিঞা জানান।

নিহত কৃষক ছালেম মুন্সি (৫৫) ওই গ্রামের মৃত আমির মুন্সির ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

আটক নসু মুন্সি (৬০) নিহত ছালেমের আপন বড় ভাই।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছালেমের পৈতৃক ও ক্রয় করা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বড় ভাই নসুর সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে এ নিয়ে একাধিক সালিসি বৈঠকও হয়েছে। এরপরও এ বিরোধের কোনো নিষ্পত্তি হয়নি। মাঝেমধ্যেই এ বিরোধ থেকে বাগবিতণ্ডার সৃষ্টি হতো।

ওসি মনির মিঞা জানান, শুক্রবার বিকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তখন ছালেমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ সময় নসু মুন্সীর সঙ্গে তার ছেলে আব্বাস মুন্সি, আকতার হোসেন, আকবার মুন্সি ও হাসনাইনও ছিলেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানান।

পুলিশ জানায়, খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালেমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করে।

ওসি মনির আরও জানান, এ ঘটনায় ছালেমের স্ত্রী জয়তুন বেগম বাদী হয়ে নসুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নসুকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তোলা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।