১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ডামি নির্বাচন’, টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের নামে মামলা

মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

‘ডামি নির্বাচন’, টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের নামে মামলা
ফাইল ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 09:27 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে ‘ডামি নির্বাচনের আয়োজন’ ও ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার টাঙ্গাইলের বিচারিক হাকিমের ভূঞাপুর থানা আমলী আদালতে অলোয়া ইউনিয়নের বিএনপির সভাপতি কামরুল হাসান মামলাটি করেন বলে বাদীর আইনজীবী, টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান খান জানান। 

বাদী কামরুল হাসান (৫৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মৃত মমতাজ উদ্দিন আহম্মেদের ছেলে 

আইনজীবী বলেন, ওই আদালতের হাকিম রুমেলিয়া সিরাজাম মামলাটি আমলে নিয়ে ভূঞাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

মামলায় শেখ হাসিনাসহ ১৯৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। 

শেখ হাসিনা ছাড়া এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপলপুর) আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল, তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলামসহ পুলিশ ও প্রিজাইডিং কর্মকর্তা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।  

বাদী মামলায় উল্লেখ করেন, ভারতের নির্দেশে শেখ হাসিনা অন্য আসামিদের যোগসাজশে ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। 

বাদী কামরুল হাসান ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ভারই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন। 

তিনি অন্য ভোটারদের সঙ্গে ওই কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। আসামিরা বাদীকে মারপিট করে ও হত্যার হুমকি দেয় বলে এজাহারে দাবি করা হয়। 

এতে আরো বলা হয়, নির্বাচনে পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোর করে নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভরতি করে। 

এভাবে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে এমপি পদে নির্বাচিত করা হয়। 

এতে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেন। 

বাদী পক্ষের আইনজীবী আবু রায়হান খান বলেন, “বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। পরে ভূঞাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেইসঙ্গে আগামী ১৩ অগাস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।”