১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেপ্তার

তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী এবং উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেপ্তার
গ্রেপ্তার মো. মফিজুল ইসলাম কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

কুমিল্লা চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম।

৫৫ বছর বয়সি মফিজুল মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে। এ ছাড়া চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ওসি জাবেদ উল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা মামলায় মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। 

মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে ছাত্রলীগ করার মধ্য দিয়ে রাজনীতিতে আসেন তিনি। এরপর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন মফিজুল ইসলাম।