শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালে সাতক্ষীরায় প্রথম রায়ে ভ্যান চালকের যাবজ্জীবন
২০২৫ সালের ২৭ মার্চ বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন ইব্রাহিম।
সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে এক ভ্যান চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শেখ আলমগীর আশরাফ জানান।
শিশুদের ওপর হওয়া যৌন অপরাধের বিচার দ্রুততর করতে সাতক্ষীরায় ‘শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনাল’ গঠনের পর এটিই প্রথম রায়।
সাজাপ্রাপ্ত ৫০ বছর বয়সী ইব্রাহিম গাজী পেশায় একজন ভ্যান চালক। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৫ সালের ২৭ মার্চ বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন ইব্রাহিম। জনতা তখন তাকে ধরে পুলিশে দেয়।
পুলিশ ২০২৫ সালের ১৯ জুলাই মামলার অভিযোগপত্র দেয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিচার কাজ শুরু হয়। মামলায় আটজন সাক্ষ্য দিয়েছেন।
আইনজীবী শেখ আলমগীর আশরাফ বলেন, আসামিকে যাবজ্জীবন ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শিশু ধর্ষণের বিচার কাজ দ্রুততার সঙ্গে করার জন্য বিগত অন্তর্বর্তী সরকারের সময় ‘বিশেষ’ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। সারাদেশে এই ট্রাইব্যুনাল স্থাপনের অংশ হিসেবে ২০২৫ সালের ২০ অক্টোবর এ ব্যাপারে প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়।
