২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপির বরিশাল মহানগর কমিটিতে জামায়াতের সাবেক ২ নেতা

কমিটির সদস্যসচিব এম আনোয়ার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন একসময় জামায়াতে ইসলামীর নেতা ছিলেন।

এনসিপির বরিশাল মহানগর কমিটিতে জামায়াতের সাবেক ২ নেতা
এনসিপি বরিশাল মহানগর কমিটির সদস্যসচিব আনোয়ার হোসেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 10:58 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

এনসিপির বরিশাল মহানগরীর ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।  

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ শুক্রবার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে মো. মিজানুর রহমান খানকে আহ্বায়ক এবং এম আনোয়ার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। 

এ ছাড়া অ্যাডভোকেট জাকির হোসেন ও মো. সবুজ হাওলাদারকে করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

কমিটিতে একজনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনজনকে যুগ্ম আহ্বায়ক, ছয়জন যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির মেয়াদ ছয় মাস। এক মাসের মধ্যে কমিটির পরিধি আরো বাড়ানো হবে। 

কমিটির সদস্যসচিব এম আনোয়ার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন একসময় জামায়াতে ইসলামীর নেতা ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ বলেন, “দুজনেই জামায়াত থেকে পদত্যাগ করেছেন। তারপর আমাদের কমিটিতে এসেছেন।”