২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল শিশুর

আহত হয়েছেন শিশুটির মাসহ অটোরিকশার তিন যাত্রী ও চালক।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 03:09 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

নোয়াখালী সদর উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মাসহ অটোরিকশার তিন যাত্রী ও চালক।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর-মাইজদী সড়কে নোয়াখালী জেলা পরিষদ সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাউসারুজ্জামান। 

তবে পুলিশ, স্থানীয় লোকজন বা হাসপাতাল থেকে কেউ তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই কাউসারুজ্জামান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি একই দিকে যাওয়া একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে দুই বছর বয়সী শিশুর মাথা ফেটে ঘটনাস্থলে নিহত হয়। 

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তাই কাউকে সেখানে পাওয়া যায়নি।

এছাড়া অটোরিকশাটিও দুর্ঘনাস্থল থেকে সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে নিয়ে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।