মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরের এলজিইডি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ।
গ্রেপ্তার সাদিকুল ইসলাম সোহা (৪১) এলজিইডি কার্যালয়ের পাশের এলাকার মো. শাম্সের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
ওসি আমানুল্লাহ বলেন, গত বছরের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের পর থেকে সোহা পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সোহাকে গ্রেপ্তার দেখিয়ে বেলা ৩টায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
