পার্থর আসনে বিএনপি নেতাকর্মীদের কাফন পরে বিক্ষোভ
বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা সদর আসন থেকে সংসদ সদস্য ছিলেন।
ভোলা-১ (সদর) আসন জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।
এখানে জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে প্রার্থী করা হয়েছে। তিনি আগেও এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন।
চার দিন ধরে বিক্ষোভে থাকা নেতাকর্মীরা বলছেন, জোটের প্রার্থীকে বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে মনোনয়ন ফিরিয়ে দিতে হবে।
শুক্রবার বিকালে শহরের মহাজনপট্টির বিএনপি চত্বরে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। এ সময় তারা সদর রোডে বসে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ভোট দেবো না গরুর গাড়ি, আমরা সবাই ধান করি’, ‘এদিক-সেদিক বুঝি না, ধান ছাড়া চিনি না’, ‘ভোট দেবো কিসে, ধানের শীষে’, ‘দূর্দিনের আলমগীর ভাই, আমরা তোমায় ভুলি নাই’- ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল কাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খন্দকার আল আমিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নিক্সন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, জেলা সাইবার দলের সভাপতি মীর জামাল উদ্দিন তানু, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।
